ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের নিশ্চয়তা দাবি করেছেন তারা।

শুক্রবার (৬ নভেম্বর) বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চার রাস্তার মোড়ে ‘ফুলবাড়ী কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন এলাকার চার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে মো. জাকারিয়া হোসেন নয়ন বলেন, ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরু করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম এলাকায় ফুলবাড়ী কয়লা খনির মুখ রয়েছে। সেখান থেকেই কয়লা উত্তোলনের দাবি জানাচ্ছেন তারা। ফুলবাড়ী কয়লা খনি নামে পরিচিত হলেও এর বিস্তৃতি পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর ও নবাবগঞ্জ—এই চার উপজেলায়।

জ্বালানি সংকট মোকাবিলা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে উন্নতমানের এই কয়লা উত্তোলন জরুরি বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী ঘোষিত পদক্ষেপ অনুযায়ী দ্রুত ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জাকারিয়া হোসেন নয়ন।

তিনি আরও বলেন, কয়লা খনি বাস্তবায়িত হলে বেকারত্ব কমবে, অর্থনীতির গতি বাড়বে এবং দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ কারণে তারা দ্রুত ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন চান।