বগুড়ায় দাম কমেছে সবজি-মাছের, স্বস্তিতে ক্রেতা
ছবি: সংগৃহীত
শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে থাকায় বগুড়ার বাজারে কমেছে সবজির দাম। শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো মৌসুমি সবজি বাজারে আসতে শুরু করায় ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে টমেটো ও গাজরের দাম এখনো তুলনামূলক বেশি। অন্যদিকে মাছের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে।
বিক্রেতারা জানান, এখন বাজারে সবজির সরবরাহ ভালো। মৌসুমি সবজিও বেশি আসছে। তাই প্রায় সব ধরনের সবজির দাম কমেছে।
শুক্রবার (৬ নভেম্বর) বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার ও কলোনি বাজারসহ বেশি কিছু বাজার ঘুরে দেখা যায়, মৌসুমি শাকসবজির আমদানি বেড়ে গেছে। তবে দাম কমতে থাকায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।
বগুড়ার বাজারে প্রতিকেজি শিম ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা এবং পেঁপে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতিকেজি পটল ৩০ টাকা, কচু ৪০ টাকা, ফুলকপি ২০ টাকা ও মুলা ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রতিপিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর ১৬০ টাকা, শসা ৪০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
অন্যদিকে, মাছের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। কমেছে রুই, কাতলা, তেলাপিয়া ও কৈ মাছের দাম। বাজারে প্রতিকেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা, কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, পাবদা ১৫০ টাকা ও কৈ মাছ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া টেংরা মাছ ৪০০, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আকার ও মান অনুযায়ী প্রতিকেজি ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা।
মুরগির বাজারে দামের তেমন পরিবর্তন নেই। বর্তমানে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৬০ টাকা ও খাসির মাংস ১ হাজার থেকে ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দামও আগের মতো রয়েছে। প্রতিহালি ফার্মের মুরগির ডিম ৫০ টাকা এবং হাঁসের ডিম ৭০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
এছাড়া প্যাকেট ময়দা, খোলা পাম অয়েল ও চিনির দাম কিছুটা বেড়েছে। তবে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। সব মিলিয়ে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
বাজারে সবজি কিনতে আসা শাহজাহান আলী বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম অনেক কম। বিশেষ করে ফুলকপি, শিম, মুলা, করলা, বাঁধাকপি কম দামে পাওয়া যাচ্ছে। এতে বাজারের খরচ কিছুটা কমেছে। তবে সব পণ্যের দাম আরও কমলে সাধারণ মানুষের জন্য ভালো হতো।
রাজাবাজারের সবজি ব্যবসায়ী আলম মিয়া জানান, আগের তুলনায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে। যে কারণে সব ধরনের সবজির দাম কম।