গাইবান্ধায় চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে নির্যাতন

গাইবান্ধায় চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে নির্যাতন

প্রতিকি ছবি

গাইবান্ধায় চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগ উঠেছে মারধর করা ওই ব্যক্তি ভুক্তভোগীর প্রতিবেশী সাদা মিয়া (৩৫)। নির্যাতনের শিকার নারী গোলাপী বেগম (৬৫) বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুুল হুদা। এর আগে গত সোমবার (২ নভেম্বর) সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার রাতে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।

গোলাপী বেগম ওই গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। অভিযুক্ত সাদা মিয়া একই এলাকার মৃত দারাজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার গোলাপী বেগমের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। তবে কী চুরির অভিযোগে তাকে নির্যাতন করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করছেন সাদা মিয়া। ভিডিওতে তাকে চিৎকার করতে দেখা ও শোনা গেছে। পরে আহত নারীকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন ওই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।