বাকৃবিতে দুই হলের পাল্টাপাল্টি মারধর, প্রক্টরের কাছে দুই পক্ষের অভিযোগ
ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই হলের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি মারধর ও সংঘাতের অভিযোগ উঠেছে। প্রথম ঘটনায় এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ঈশা খাঁ হলের প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থী এস.এম. মেরাজুল আনোয়ার সিয়াম।
সিয়ামের অভিযোগ, গত ৩ নভেম্বর বিকেলে সোহরাওয়ার্দী হলের ১০২ নম্বর কক্ষে তাঁকে মারধর করেন ওই হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান ইমন। এ ঘটনায় ইন্ধনদাতা হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু ও সোহরাওয়ার্দী হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়ামিনসহ কয়েকজনের নাম উল্লেখ করেছেন তিনি। তবে ইন্ধন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা মিজু।
অন্যদিকে, এই ঘটনার পরদিন ৪ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের করিম ভবনের সামনের এক রেস্তোরাঁয় সোহরাওয়ার্দী হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়ামিনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ঈশা খাঁ হলের ২০-২৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ৩ নভেম্বর বিকেলে সোহরাওয়ার্দী হলে বন্ধু তাসনিমকে খুঁজতে গিয়ে কথা-কাটাকাটির জেরে সিয়ামের ওপর চড়াও হন নাজমুল হাসান ইমন। এতে সিয়ামের ডান চোখে গুরুতর আঘাত লাগে। পরবর্তীতে প্রক্টরের কাছে সিয়াম বিচার দাবি করেন। এ বিষয়ে কক্ষের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মুগ্ধ জানান, উভয়ের তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তবে ইমোনের দাবি, সিয়াম পরিচয় না দিয়ে উসকানিমূলক মন্তব্য করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ছাত্রদল নেতা মেজবাউল হক মিজু তাঁর বিরুদ্ধে ওঠা ইন্ধনের অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, ঘটনার সময় তিনি হলে উপস্থিতই ছিলেন না, যা হলের সিসিটিভি ফুটেজ চেক করলেই প্রমাণিত হবে। মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
এদিকে দ্বিতীয় ঘটনার শিকার শিক্ষার্থী ইয়ামিন প্রক্টর অফিসে অভিযোগ দিয়ে জানান, ৪ নভেম্বর আটক থাকা এক জুনিয়রকে ছাড়াতে করিম ভবনে যান তিনি। পরে পাশের হোটেলে খেতে বসলে ঈশা খাঁ হলের একদল শিক্ষার্থী পরিচয় জেনে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ৩ নভেম্বরের ঘটনায় কোনোভাবেই সম্পৃক্ত না থেকেও তাঁকে মারধর ও মিথ্যা অভিযোগে নাম জড়িয়ে হয়রানি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম জানান, দুই পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ভিডিও ফুটেজসহ সার্বিক প্রমাণ যাচাই-বাছাই করা হচ্ছে। হলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রক্টরিয়াল বডি সতর্ক অবস্থান গ্রহণ করেছে এবং ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।