মিশরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সংগৃহীত
যথাযোগ্য মর্যাদায় মিশরের কায়রোয় বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দূতাবাসের সম্মেলনকক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সভাপতি এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। সভায় সমাপনী বক্তব্য দেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দে।
গৌতম কুমার দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে দেশপ্রেমিক সিপাহি-জনতার ভূমিকা ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের মূল লক্ষ্য ছিল জনগণের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা। এ দিনের সাহস ও আত্মত্যাগ জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের জন্য একটি বিরল সুযোগ এনে দিয়েছে। ন্যায়বিচার ও সাম্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন এবং গণমানুষের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। এ উদ্যোগে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি কর্মকর্তা, অধ্যাপক, গণমাধ্যমকর্মী, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবী এবং বাংলাদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের বাঙালি ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।