শাজাহানপুরে বিভাগীয় কমিশনারের প্রথম সফর, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

শাজাহানপুরে বিভাগীয় কমিশনারের প্রথম সফর, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রথমবারের মতো সফর করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। বুধবার (১১ নভেম্বর) তার সফর উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। এ সময় তিনি শাজাহানপুর উপজেলার সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তালুকদার মো. ইনতেজার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।