☰
✕

ঢাবির আন্তঃবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

১২ নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের বাস্কেটবল কোর্টে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটকে (আইবিএ) ৫২-২৯ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে নেয় বিভাগটি।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে সাংবাদিকতা বিভাগের খেলোয়াড়েরা। আক্রমণ ও পয়েন্ট সংগ্রহে ধারাবাহিকতা বজায় রেখে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেন তারা। অন্যদিকে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি আইবিএ দল। বড় ব্যবধানের জয় নিয়েই শিরোপা নিশ্চিত করে সাংবাদিকতা বিভাগ।

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন অনিরুদ্ধ তালুকদার বর্ণ। পুরো প্রতিযোগিতায় নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন অমিত হাসান এলিম। আর সর্বোচ্চ স্কোরারের পুরস্কার পেয়েছেন মানিক হাসান মীর।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন। এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার ও মার্জিয়া রহমানসহ বিভাগটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।