১৩ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে। র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারীশিক্ষার প্রসারে বিদ্যালয়টির দেড়শ বছরের গৌরবময় পথচলা উদ্যাপন করা হয়। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় রূপ নেয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা বেগমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের এনএস রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। লাল টুপি, সাদা পোশাক, জাতীয় পতাকা ও বেলুনে সাজানো শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো শহর।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা বেগম।
অনুষ্ঠানে অতিথিরা নারীশিক্ষার প্রসারে বিদ্যালয়টির দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। নাচ, গান, আবৃত্তি ও নাটিকার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
দীর্ঘদিন পর প্রিয় বিদ্যালয়ের আঙিনায় ফিরে সহপাঠীদের সঙ্গে দেখা, পুরোনো দিনের স্মৃতিচারণ আর আনন্দ-আবেগে দিনটি উপভোগ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইউনুছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা বেগম।
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘ দেড় শতাব্দী ধরে কুষ্টিয়া অঞ্চলে নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য নারী শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা বেগমের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ২৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন। পাসের হার ৯৯ দশমিক ২৬ শতাংশ।