১৩ নভেম্বর, ২০২৬
বই পড়ার অভ্যাস থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্মের একটি বড় অংশ। এমন বাস্তবতায় শিক্ষার্থীদের আবারও বইয়ের কাছে ফিরিয়ে আনা, চিন্তাশক্তি ও মননশীলতার বিকাশ ঘটানো এবং প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার ও কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চবিদ্যাল ও কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার চত্বরে আয়োজন করা হয় ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক (অনার্স ও ডিগ্রি) পর্যায়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। হাতে বই, মনে নতুন কিছু জানার আগ্রহ আর প্রতিযোগিতায় ভালো করার প্রত্যাশা নিয়ে উপস্থিত হয় তারা। নির্ধারিত বই পড়ে নির্দিষ্ট বিষয়ের ওপর পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। বইয়ের পাতায় ডুবে থাকা এসব শিক্ষার্থীর উপস্থিতিতে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ।
শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়াই নয়, বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন, নিজের চিন্তাভাবনা প্রকাশ এবং নতুন বিষয় জানার আগ্রহ তৈরির সুযোগও পেয়েছে তারা। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা জানায়।
অন্যদিকে সন্তানদের অংশগ্রহণ ও ভালো ফলের আশায় বিদ্যালয় মাঠে অপেক্ষা করেন অভিভাবকেরা।
কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান।
এছাড়াও অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম।
কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের সদস্য সচিব ও কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম নুরুল ইসলাম আল মোশাররাফ ইবনে কাদির বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও বিভিন্ন ধরনের বই পড়তে আগ্রহী করবে। একই সঙ্গে মুঠোফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে সৃজনশীল কাজে সময় ব্যয় করতে উৎসাহিত করবে।
সভাপতির বক্তব্যে ইউএনও এ. টি. এম কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে সেরা শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে পরীক্ষা নেওয়া হয়েছে। বই পড়ার অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের বইমুখী করা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বই পড়া প্রতিযোগিতা নিয়ে কথা হয় উপজেলার সেন্ট মেরিস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া সুলতানা, একই শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাইজা নিবৃত অধরা, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমিত গমেজ, একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুজন পেরেরা ও তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী চন্দ্রের সাথে।
তারা প্রতিবেদককে জানান, কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ইতিবাচক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা। প্রযুক্তিকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং জ্ঞান অর্জন, সৃজনশীলতা বৃদ্ধি ও শিক্ষার সহায়ক উপকরণ হিসেবে ব্যবহারের মানসিকতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়।
বোয়ালী সরকারি প্রাথমিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশনারা বেগম বলেন, কালীগঞ্জের এই আয়োজন তাই কেবল একটি বই পড়ার প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মকে বই, জ্ঞান ও ইতিবাচক প্রযুক্তি ব্যবহারের সঙ্গে পরিচিত করার একটি প্রয়াস।
প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা শিক্ষার্থী নির্বাচনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি পাঠাভ্যাস গড়ে উঠবে বলে মনে করেন বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তরকারি শিক্ষক মো. রমজান আলী।
প্রধান বক্তা লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান বলেন, প্রযুক্তি ও বই একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। বরং সঠিকভাবে ব্যবহার করতে পারলে প্রযুক্তি জ্ঞান অর্জনের পথ আরও সহজ করতে পারে। তবে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মনোযোগের বিকাশে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।
দিনশেষে প্রতিযোগিতার ফলাফল বা পুরস্কারের চেয়েও বড় অর্জন হতে পারে শিক্ষার্থীদের হাতে আবার বই তুলে দেওয়া। কারণ একটি বই কখনো শুধু কয়েকটি পৃষ্ঠার সমষ্টি নয়; বই খুলে দিতে পারে নতুন চিন্তার দুয়ার, তৈরি করতে পারে মানবিক ও মননশীল মানুষ। আর সেই লক্ষ্যেই কালীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীর এই বইমুখী আয়োজন নতুন আশার বার্তা দিয়েছে।