১৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন এ সম্মেলনের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “বর্তমান বিশ্বে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন, সংঘাত এবং বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও দায়িত্বশীল নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একটি রাষ্ট্রের পক্ষে এককভাবে এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, জবাবদিহিতা এবং সব রাষ্ট্রের মতামত ও স্বার্থের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। একটি টেকসই ও ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় শক্তিশালী রাষ্ট্রগুলোর পাশাপাশি অপেক্ষাকৃত কম শক্তিশালী রাষ্ট্রগুলোর মতামতকেও গুরুত্ব দিতে হবে।”
উপাচার্য আরো বলেন, “মডেল ইউনাইটেড নেশনস শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্ব, আলোচনা ও ভিন্নমতকে শ্রদ্ধা করার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রত্যাশা করি, ডেলিগেটরা শুধু বক্তব্য ও প্রস্তাব উপস্থাপনে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর সমাধান অনুসন্ধানে মনোযোগী হবেন। অংশগ্রহণকারী ডেলিগেটদের প্রতি আহ্বান জানাই, আপনারা যথাযথ প্রস্তুতি নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করবেন। নিজ নিজ দেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক প্রেক্ষাপট ও আলোচ্য বিষয়গুলো সম্পর্কে জানবেন এবং বাস্তবসম্মত ও কার্যকর সমাধান উপস্থাপনের চেষ্টা করবেন।”
এ সময় সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান, অভিজ্ঞতা ও পারস্পরিক বন্ধুত্ব বিনিময় শিক্ষার্থীদের জন্য একটি অর্থবহ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (এনআরডিএস) নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবিদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান।
এছাড়া, বক্তব্য দেন নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল তারেক মুক্তার, ডিরেক্টর জেনারেল তাসনুভা জামিল এবং ডেপুটি ডিরেক্টর জেনারেল মন্দিরা চক্রবর্তী।
তিন দিনব্যাপী এ সম্মেলনে পাঁচটি সেগমেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সেগমেন্টগুলো হলো—নেগোসিয়েশন, আর্গুমেন্ট, ডিবেট, লিডারশিপ ও কোলাবরেশন। তরুণদের সুনাগরিকত্ব বিকাশে কূটনীতি, বিতর্ক ও আন্তর্জাতিক নীতিনির্ধারণের মতো বিষয়গুলো অনুশীলনের সুযোগ দিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০০-এর বেশি শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Recasting the Global Order Amid Rising Power Asymmetries’। সম্মেলনে মোট সাতটি কমিটি ও ফোরাম থাকছে। এগুলো হলো—জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ, উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতিসংঘ কমিশন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, জাতীয় সংসদ এবং আন্তর্জাতিক প্রেস।
অংশগ্রহণকারীরা নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন রাষ্ট্র বা প্রতিষ্ঠানের প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হবেন। এ সময় সমসাময়িক বিশ্বরাজনীতির নানা বিষয়ে বিতর্ক ও আলোচনায় অংশ নেবেন তারা।