☰
✕

মুনাফা থেকে লোকসানে মুন্নু সিরামিক

১৩ নভেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটি লোকসানে পড়েছে। একই সঙ্গে কোম্পানি পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহে অবনতি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২৫ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটি মুনাফার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি কোম্পানিটি।

গত ৩০ সেপ্টম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) কমে দাঁড়িয়েছে ৭৯ টাকা ১৪ পয়সায়।  গত ৩০ জুন শেষে এনএভি ছিল ৮০ টাকা ২ পয়সা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৮৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৭৮ পয়সা। কোম্পানির পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থের প্রবাহও আরও নেতিবাচক ধারায় চলে গেছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক উত্তেজনা, দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে অভ্যন্তরীণ বিক্রি ও রপ্তানি কমেছে। পাশাপাশি উচ্চ সুদহার এবং প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে। এসব কারণে শেয়ারপ্রতি আয় কমে লোকসানে পরিণত হয়েছে।