রাজধানীতে ট্রেনের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

১৩ অক্টোবর, ২০২৪

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় নুরনবী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজার রেল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নুরনবী নেত্রকোণা জেলার মদন থানার গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে কারওয়ান বাজার এলাকায় থেকে মাছের ব্যবসা করতেন তিনি।

মাছ ব্যবসায়ী মো. জুয়েল কবির বলেন, সন্ধ্যার দিকে একটি ট্রেন কমলাপুর থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ঐ সময় রেলগেটের পাশ দিয়ে রেললাইন পার হচ্ছিলেন নুরনবী। তবে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। একপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা ৭টা দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, কারওয়ান বাজার থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তারা জানিয়েছেন, ঐ ব্যক্তি ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল। এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।