১৩ নভেম্বর, ২০২৬
বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। শুধু অভিনেতার বাড়িই নয়, মুম্বাইয়ের মেয়রের কার্যালয় ও ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হুমকির খবর পাওয়ার পরপরই তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনাস্থলে পাঠানো হয় বোমা নিষ্ক্রিয়কারী দল। তবে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অমিতাভ বচ্চনের বাড়িকে লক্ষ্য করে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। গত ৬ নভেম্বরও অমিতাভের জুহুর বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।
এর আগে গত ২৩ অক্টোবর মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ির কাছে পাঠানো একটি ই-মেইলেও অমিতাভের বাড়িতে হামলার হুমকি দেওয়া হয়েছিল। একই বার্তায় মেয়রের কার্যালয় এবং গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের অনুষ্ঠানস্থলে বিস্ফোরণের কথা জানানো হয়। এমনকি একটি স্কুলে গ্রেনেড হামলার হুমকিও ছিল ওই ই-মেইলে।