১৩ নভেম্বর, ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বর সিপাহী ও জনগণ একসঙ্গে রাস্তায় নেমেছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। এটি ছিল জনগণের জাতীয় জাগরণ। ৭ নভেম্বরের প্রেরণা থেকেই আজও আমরা কথা বলতে পারি, সত্য উচ্চারণ করতে পারি এবং যে-কোনো স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাই।
শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের জনগণকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যুগিয়েছে। এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
তিনি বলেন, ১৯৭১ সালে নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও জনগণের প্রকৃত স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ৭ নভেম্বরের মধ্য দিয়ে জনগণের স্বাধীনতা, নাগরিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়।
রিজভী বলেন, আমাদের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। বাংলাদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, একক শাসন নয়।
তিনি বলেন, পরবর্তী সময়ে গণতন্ত্রের ওপর বারবার আঘাত এসেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রের চরিত্র পরিবর্তিত হয়ে গুম, গুপ্তহত্যা ও নির্যাতনের অভিযোগ সামনে আসে।
রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বিএনপি ও গণতন্ত্রকামী জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।
আলোচনাসভায় বিএনপির মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।