☰
✕

টানা চারবার কুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি খলিল

১৩ নভেম্বর, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কর্ম মূল্যায়নে টানা চার মাসে চারবার জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খলিলুর রহমান। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা পেয়েছেন। সর্বশেষ অক্টোবর মাসের কর্ম মূল্যায়নেও তিনি জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

একই সভায় চারবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি ‘ক’ ক্যাটাগরিতে এ স্বীকৃতি পান। এছাড়া মামলা যথাযথভাবে তদারকি এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়াকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।

মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্রের সমস্যা, অভাব-অভিযোগ ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি সততা, পেশাদারিত্ব, নৈতিকতা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রেখে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা এবং জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সভায় অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।