১৪ নভেম্বর, ২০২৬
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে। দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক বৈষম্য, ভর্তুকি প্রত্যাহার এবং নির্বাচনী ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের অভিযোগে কয়েক মাস ধরে আন্দোলন করছেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি প্রয়োগ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এমনকি গত ৫ নভেম্বর রাওয়ালাকোটে বিক্ষোভকারীদের ওপর ড্রোন হামলার অভিযোগও উঠেছে। এতে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অনানুষ্ঠানিক হিসাবে নিহতের সংখ্যা পাঁচ এবং আহত ১৮ জন।
ভারতীয় সংবাদমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, একসময় কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের রাজনৈতিক বয়ানের গুরুত্বপূর্ণ অংশ ছিল পাক-অধিকৃত এই অঞ্চল। কিন্তু গত ছয় মাসের আন্দোলন পাকিস্তান ও পিওকের মানুষের মধ্যকার সেই সম্পর্ককে গভীর সংকটে ফেলেছে।
২০২২ সাল থেকেই অঞ্চলটিতে অসন্তোষ চলছিল। তবে চলতি বছরের জুন থেকে রেঞ্জার্স ও স্থানীয় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনায় আন্দোলন আরও বিস্তৃত হচ্ছে। রাওয়ালাকোট থেকে ছড়িয়ে পড়া বিক্ষোভ এখন পিওকের ১০টি জেলাতেই ছড়িয়ে পড়েছে।
জাতিসংঘের ছয়জন বিশেষ প্রতিবেদক গত সেপ্টেম্বরে পাকিস্তান সরকারকে পাঠানো এক চিঠিতে আন্দোলন-সংশ্লিষ্ট ৯৬ জনের মৃত্যুর কথা উল্লেখ করেছেন।
গত ৫ নভেম্বরের ঘটনায় নিহতদের জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেকেজেএএসি) ডাকে ৮ নভেম্বর রাওয়ালাকোট, মুজাফফরাবাদ, মিরপুর ও কোটলিসহ বিভিন্ন এলাকায় ধর্মঘট করা হয়। সংগঠনটি বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ বন্ধ এবং ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর আলোচনার আহ্বান জানালেও সরকার তাতে সাড়া দেয়নি।
বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি, পিওকের ১২টি তথাকথিত ‘শরণার্থী আসন’ বাতিল করা। এসব আসন পিওকের ভেতরে নয়, পাকিস্তানের চারটি প্রদেশে অবস্থিত। ১৯৪৭ সালে জম্মু অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গার পর পাকিস্তানে আশ্রয় নেওয়া মানুষের প্রতিনিধিত্বের জন্য আসনগুলো তৈরি করা হয়েছিল।
কিন্তু স্থানীয়দের অভিযোগ, এসব আসনে নির্বাচিত প্রতিনিধিদের অনেকেরই পিওকের সঙ্গে বাস্তব কোনো সম্পর্ক নেই। তারা অঞ্চলটিতে বসবাসও করেন না, অথচ সাড়ে ৪০ লাখ মানুষের জীবনযাত্রা ও রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব রাখেন। তাদের অনেককে স্থানীয়রা পাকিস্তান সরকার, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি হিসেবে দেখেন।
২০২৬ সালের নির্বাচনও ব্যাপক বিতর্কের মধ্যে অনুষ্ঠিত হয়। নিরাপত্তা বাহিনীর বিপুল উপস্থিতি, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন না দেওয়া এবং কম ভোটার উপস্থিতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। সাতটি আসনে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে।
বিতর্ক আরও বাড়ে যখন মুজাফফরাবাদে পরপর দুইবার নির্বাচনে পরাজিত ইফতিখার গিলানিকে মনোনীত কোটায় বিধানসভায় আনা হয়। পরে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। এতে নির্বাচনী সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ক্ষোভ আরও বাড়ে।
ভর্তুকি প্রত্যাহার ও পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার ভয়
২০১৯ সালে ভারত-শাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর পিওকেতেও নতুন উদ্বেগ তৈরি হয়। স্থানীয়দের আশঙ্কা, পাকিস্তান একসময় অঞ্চলটিকে পৃথক পরিচয় থেকে সরিয়ে নিজেদের একটি প্রদেশে পরিণত করতে পারে।
২০২২ সালে গমের আটার ওপর এবং ২০২৩ সালে বিদ্যুতের ওপর দেওয়া ভর্তুকি প্রত্যাহার সেই আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। স্থানীয়দের যুক্তি হলো, তাদের ভূমির মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি ব্যবহার করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কৃষিকাজ ও জলবিদ্যুৎ উৎপাদন হয়। অথচ সেই সম্পদের সুবিধা থেকে তারাই বঞ্চিত হচ্ছেন।
এই ক্ষোভ থেকেই ২০২৪ সালে গঠিত হয় জেকেজেএএসি। উন্নত হাসপাতাল, ফোরজি ইন্টারনেট, সেতু সংস্কার, ভর্তুকি পুনর্বহাল এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে সংগঠনটি। ২০২৫ সালের সেপ্টেম্বরের আন্দোলনের পর সরকার অধিকাংশ দাবি মেনে নিলেও শরণার্থী আসন বাতিলের বিষয়টি ঝুলিয়ে রাখে। পরে ২০২৬ সালের মে মাসে সরকার বিষয়টি নির্বাচনের পর বিবেচনার কথা জানালে নতুন করে আন্দোলন শুরু হয়।
এদিকে, আন্দোলন দমনে জেকেজেএএসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তান সরকার। বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার করা হয়নি। আবার পিওকের সীমিত আর্থিক ও রাজনৈতিক স্বায়ত্তশাসন বাতিলের জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। তবে প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি এ ধরনের পরিবর্তনের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।
অন্যদিকে, নিয়ন্ত্রণরেখার ওপারে ভারত-শাসিত কাশ্মীরেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। মিরওয়াইজ উমর ফারুক ও মেহবুবা মুফতি বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ এবং সংলাপের আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, পিওকের বর্তমান আন্দোলন কেবল অর্থনৈতিক দাবি বা ভর্তুকি পুনর্বহালের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এটি এখন রাজনৈতিক প্রতিনিধিত্ব, আঞ্চলিক পরিচয় ও স্বায়ত্তশাসনের প্রশ্নে বড় গণআন্দোলনে রূপ নিয়েছে। পাকিস্তান সরকার আলোচনার মাধ্যমে সংকট সমাধানে এগিয়ে না এলে অঞ্চলটির মানুষের সঙ্গে ইসলামাবাদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।
তথ্যসূত্র : নিউজলাউন্ড্রি ডটকম