১৪ নভেম্বর, ২০২৬
মানবিক সেবার অনন্য উদ্যোগে বাগেরহাটে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু ও নাক-কান-গলা (ইএনটি) চিকিৎসা ক্যাম্প। এ ক্যাম্পে ৮ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
শুক্রবার সকালে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) দরগাহ মাঠসংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন ও বেশরগাতী লতিফ মাস্টার ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসাসেবা নিতে আসেন নারী-পুরুষসহ নানা বয়সী রোগী।
সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও
সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক শেখ এম এ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. এস এম জামালুর রহমান, ফাইজারের সাবেক নির্বাহী ফার্মাকোলজিস্ট শেখ আবদুল আলীম এবং অবসরপ্রাপ্ত মেজর জিহাদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সৈয়দ নাসির আহমেদ মালেক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু শাহমা ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, বাগেরহাট বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. কামরুজ্জামান, লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. উলিউল্লাহ, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সরদার নাসির উদ্দিন, রনি, শামীম।
জানা গেছে, ক্যাম্পে আগত রোগীদের চক্ষু ও নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর যেসব রোগীর অস্ত্রোপচার প্রয়োজন, তাদের মধ্য থেকে বাছাই করে পরবর্তী সময়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
আয়োজকরা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ কেবল আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে চোখের চিকিৎসায় অবহেলা ও দীর্ঘসূত্রতা অনেকের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।