১৪ নভেম্বর, ২০২৬
আসামের কাজিরাঙা অঞ্চলে ট্রাক এবং মিনবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় সামনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কাজিরাঙার জাতীয় উদ্যানের কাছে ঘটেছে এ দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁও জেলার দিকে যাচ্ছিল। পথে কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে রঙ্গাজানে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসের। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও কয়েক জনের।
এক প্রত্যক্ষ্যদর্শী জানিয়েছেন, এমন ভয়াবহ দুর্ঘটনা তিনি আগে কখনও দেখেননি। দুর্ঘটনার পর গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে দ্রুত এগিয়ে আসেন স্থানীয়েরা। বাসটির সামনের দিক এমন ভাবে দুমড়েমুচড়ে গিয়েছিল যে ভিতরে আটকে পড়েছিলেন যাত্রীরা।
খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল আসে। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে যথেষ্ট বেগ পতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।
পুলিশসূত্রে জানা গেছে, যে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লাগে সেটি কর্নাটকের। বাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন এবং তাদের থাকা বেশির ভাগ যাত্রীই কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে নিকটবর্তী কোহরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা ভারতীয় সংবাদসংস্থা পিটিআই-কে বলেছে, “মৃতদেহগুলো উদ্ধার করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।”
পুলিশ সুপার আরও জানিয়েছেন, স্থানীয় ভাবে তারা জানতে পেরেছেন বাসটি দ্রুত গতিতে ছুটছিল। জাতীয় উদ্যানের সামনে সেটি এক বার ট্রাফিক আইন ভাঙে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার পরই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির।
দুর্ঘটনা কবলিত বাসটির অতীতে অন্তত ১২ বার ট্রাফিক আইন ভাঙার রেকর্ড আছে বলে জানিয়েছে পুলিশ।। আইন ভাঙার জন্য বিভিন্ন সময়ে সাড়ে ৩৮ হাজার টাকা জরিমানাও দিতে হয়েছে। এমনকি এখনও একটি মামলায় ৪ হাজার টাকা জরিমানা বাকি রয়েছে।
আসামের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাদের যাতে চিকিৎসার কোনও রকম অসুবিধা না হয়, তা দেখার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সূত্র : বিবিসি