১৪ নভেম্বর, ২০২৬
‘সূর্য মামা জাগার আগে উঠব আমি জেগে’ স্লোগানে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে শরীয়তপুরের ভেদরগঞ্জে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার মহিষার ইউনিয়নে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেন।
সকাল ৭টায় মহিষার ইউনিয়নের সাজনপুর বাজার থেকে দৌড় শুরু হয়। সাজনপুর-মহিষার সড়ক ও মহিষার মেলার দিঘির সড়ক হয়ে প্রতিযোগীরা কলাতলী মাঠে গিয়ে দৌড় শেষ করেন।
ভেদরগঞ্জ মর্নিং বার্ডস ক্লাব আয়োজিত ‘ম্যারাথন প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধন করেন আইনজীবী অ্যাডভোকেট শাহজালাল মৃধা। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সড়কের দুই পাশে দাঁড়িয়ে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ প্রতিযোগীদের উৎসাহ দেন।
এ সময় উপস্থিত ছিলেন মর্নিং বার্ডস ক্লাবের সভাপতি আল আমিন মোল্লা, উপদেষ্টা রুহুল আমিন মোল্লা ও আক্তার সরদার, শাহরুস্তম ছৈয়াল, মো. আব্দুল মজিদ দেওয়ান, রফিকুল ইসলাম বিপ্লব, রাশেদ মোল্লাসহ সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও ইউপি সদস্যরা।
উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট শাহজালাল মৃধা বলেছেন, বর্তমান সমাজে যুবসমাজের একটি অংশ মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের এ অবস্থা থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। ম্যারাথনের মতো আয়োজন তরুণদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে। তরুণদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় যুক্ত রাখা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রতিযোগিতা শেষে পিয়াল প্রথম, সিফাত মৃধা দ্বিতীয়, ইস্তিয়াক তৃতীয়, ইয়ামিন চতুর্থ এবং নাহিদ পঞ্চম স্থান অধিকার করেন।