☰
✕

কাতারের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের বিকল্প হতে চায় তুরস্ক?

১৪ নভেম্বর, ২০২৬

তুরস্ক ও কাতারের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তির ফলে উপসাগরীয় দেশটিতে তুরস্কের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের পথ খুলতে পারে।এমন সম্ভাবনার কথা জানিয়েছেন তুরস্কের আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক এবং দেশটির দৈনিক আকসামের কলাম লেখক ইউসুফ আলাবারদা।

শুক্রবার দুই দেশের মধ্যে পাঁচটি চুক্তি সই হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি বাণিজ্য, শিক্ষা, কূটনীতি ও সংঘাত নিরসনবিষয়ক চুক্তিও রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলাবারদা বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলসহ আশপাশের সব দেশই এর প্রভাব অনুভব করছে। কোনও দেশই এখন নিজেদের নিরাপদ মনে করছে না। ’

তিনি বলেন, দোহায় ইসরায়েলের হামলা উপসাগরীয় দেশগুলোকে, বিশেষ করে কাতারকে, একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। তা হলো, ইসরায়েলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তার নিশ্চয়তা যথাযথভাবে কাজ করছে না।

আলাবারদা জানান, ইস্তাম্বুলে অনুষ্ঠিত দুই দেশের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির বৈঠকের সময় চুক্তিটি সই হয়েছে। এটি প্রমাণ করে, বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক ও কাতার ইতোমধ্যে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে।

বর্তমানে কাতারে তুরস্কের সেনাসদস্য মোতায়েন রয়েছে। তবে নতুন চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতা আরও বিস্তৃত হতে পারে বলে মনে করেন আলাবারদা।

তার মতে, অদূর ভবিষ্যতে কাতারে তুরস্কের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, কামান, বিভিন্ন ধরনের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে।

তিনি আরও বলেন, ‘তুরস্কের দৃষ্টিকোণ থেকে কাতারের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’

নতুন এই চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে কাতারের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশটির সঙ্গে তুরস্কের সামরিক সম্পর্কও আরও গভীর হতে পারে।