☰
✕

সীমান্তে মিলল সাবেক বিডিআর সদস্যের মরদেহ, মাথায় জখমের চিহ্ন

১৪ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনী নদীর ভারত সীমান্তবর্তী অংশ থেকে নিখোঁজের একদিন পর অংথৈইপ্রু মারমা (৬৫) নামে এক সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ভারতের সাব্রুমের ঢোলবাড়ি সীমান্ত অংশে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। বিজিবির সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মৃত মং মং মারমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাংলাদেশের ফেনীরকুল ও ভারতের ঢোলবাড়ি সীমান্তসংলগ্ন ফেনী নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান অংথৈইপ্রু মারমা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা শুক্রবার দিনভর খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে শনিবার সকালে স্বজনরা স্থানীয় লোকজন ও বিজিবির সহযোগিতায় আবারও খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে ভারতের ঢোলবাড়ি সীমান্ত অংশে নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তাঁর ডুবন্ত মরদেহ দেখতে পান। পরে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।

নিহতের ছেলে থংগো মারমা জানান, শুক্রবার বিকেল থেকে তাঁর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে ও শনিবার সকালে স্থানীয় লোকজন এবং বিজিবির সহযোগিতায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।

পরে ভারতের ঢোলবাড়ি সীমান্ত অংশে নদীর মধ্যে ডুবন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। তাঁর বাবার মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে উদ্‌ঘাটনের দাবি জানান তিনি।

রামগড় থানার ওসি মো. নাজির আলম জানান, সকালে খবর পেয়ে বিজিবির সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি খাগড়াছড়িতে পাঠানো হবে।