১৪ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক মামলায় একজন, বৈষম্যবিরোধী মামলায় একজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, মাদকসেবী চারজন, ডাকাতির অভিযোগে একজন এবং ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, মাদকসেবী হিসেবে গ্রেপ্তার চারজন হলেন, সোনারপুর এলাকার মুহিম রেজা মুন্না (২৫), ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকার আবু বক্কর সিদ্দিক (৩২), ঢাকার নারিন্দা এলাকার সাগর হোসেন (২৯) এবং ল²ীপুরের রামগতির চর আলেকজান্ডার এলাকার জাকির (৪০)। তারা বর্তমানে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মাদক মামলায় গ্রেপ্তার করা হয় সোনারগাঁয়ের হাবিবপুর এলাকার মো. জুয়েল মিয়া (২৫)।
তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান (৩০) কাঁচপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ তাকে আওয়ামী যুবলীগের কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে উল্লেখ করেছে।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন, সনমান্দি ইউনিয়নের চরলাল এলাকার মো. আবু ছিদ্দিক (৫০), শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও এলাকার মো. খালিদ হাসান (৩০) এবং বারদী মিস্ত্রিপাড়া এলাকার মো. তাইজুল হক (৬৫)।
পুলিশ তাদের যথাক্রমে আওয়ামী যুবলীগের সোনারগাঁ উপজেলা প্রচার সম্পাদক, শেখ রাসেল কিশোর পরিষদের শম্ভুপুরা ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের বারদী ইউনিয়নের কার্যকরী সদস্য হিসেবে উল্লেখ করেছে।
ডাকাতির মামলায় গ্রেপ্তার হয় নেত্রকোনার আটপাড়া উপজেলার আমাটি গ্রামের মুন্না হাসান (২৩)। তিনি বর্তমানে সোনারগাঁয়ের কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সোনারগাঁয়ের রামগোবিন্দেরগাঁও এলাকার আ. লতিফ (৬৫) ও মোক্তার হোসেনকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পূর্বের মামলার কার্যক্রম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে সোনারগাঁ থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে।