১৪ নভেম্বর, ২০২৬
মানবপাচারের অভিযোগে হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভাই অ্যারন অরবানকে এক মাসের জন্য প্রাথমিক বিচারিক আটক রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।বুধবার (১১ নভেম্বর) হাঙ্গেরির বিচার বিভাগ এ নির্দেশ দেন।
একই মামলায় আরও একজন নারী সন্দেহভাজনকেও বিচারপূর্ব আটক রাখার আদেশ দেওয়া হয়েছে। বুদাপেস্টের আদালত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় তদন্ত ব্যুরো (এনএনআই) এবং জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও সুরক্ষা সংস্থার (এনভিভিএইচ) যৌথ অভিযানে অ্যারন অরবানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতিবিরোধী এই সংস্থাটি গত মে মাসে ক্ষমতায় আসা পিটার মাজারের সরকার প্রতিষ্ঠা করেছে।
জাতীয় তদন্ত ব্যুরোর (এনএনআই) তথ্য অনুযায়ী, একটি অপরাধী চক্রের অংশ হিসেবে মানবপাচারের সঙ্গে জড়িত থাকা এবং ২০২৪ সালে শতাধিক ভিয়েতনামি নাগরিককে ভিসা পেতে সহায়তা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
আদালত জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে আনা সন্দেহের পক্ষে যথেষ্ট ভিত্তি রয়েছে। তাদের মধ্যে একজনকে চার মাসের জন্য বিচারিক নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং একজন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।
সরকারি কৌঁসুলিরা অবশ্য চারজনকেই বিচারপূর্ব আটক রাখার আবেদন করেছিলেন। তাদের যুক্তি ছিল, অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যেতে পারেন, প্রমাণ গোপন করতে পারেন অথবা তদন্তের কাজে বাধা সৃষ্টি করতে পারেন।
বিচারকরা তিনজন সন্দেহভাজনের ক্ষেত্রে পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অ্যারন অরবান এবং আটক থাকা অপর নারী সন্দেহভাজনের ক্ষেত্রে আদালত আরও মনে করেছেন, তারা তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন।
বিশেষ করে ভবিষ্যতে সাক্ষ্য দিতে পারেন, এমন ব্যক্তিদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে তাদের ঘিরে। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে অভিযুক্তদের।