১৪ নভেম্বর, ২০২৬
কমেডিয়ান হিসেবে মুনাওয়ার ফারুকির জনপ্রিয়তা ঈর্ষা করার মতো। তবে সাফল্যের শিখরে পৌঁছানো মোটেই সহজ ছিল না। জন্মের পর থেকে দারিদ্রতার সঙ্গে বাস। ক্লাসের ফার্স্ট হয়েও অর্থাভাবে ষষ্ঠ শ্রেণিতে পড়াশুনা ছাড়তে হয়। বিগ বস রিয়েলিটি শোয়ে এসে জনপ্রিয়তা পাওয়ার পরও নামাজে বসে মোনাজাতে রোজ কাঁদতেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বস জেতার পর জনপ্রিয়তা পেলেও সেভাবে কাজে লাগাতে পারেননি। সে সময় প্রার্থনায় সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করতেন তিনি। তার কথায়, ‘বিগ বস জেতার কারণে অনেক কাজ পাচ্ছিলাম। কিন্তু দুই-আড়াই মাসের মধ্যেই বুঝতে পারলাম যে এটা আমার এবং আমার সন্তানের জন্য ভালো নয়। তখন আমার প্রাক্তন স্ত্রী বিয়ে করেছে। আমার ওপর গোটা পরিবারের দায়িত্ব। নমাজ পড়তে বসে শুধু কাঁদতাম আর প্রার্থনা করতাম, এই ভেবে যে আমার জীবনের সবকিছু যেন ঠিক হয়ে যায়।”
সম্প্রতি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্ট ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-এ জীবনের এসব গল্প শুনিয়েছেন তিনি। আরও জানিয়েছেন মাত্র আট বছর বয়সে কাজে নামেন তিনি। দিনে আয় হতো ১০-২০ রুপি করে।
মুনাওয়ার জানান ছাত্র হিসেবে বেশ মেধাবী ছিলেন তিনি। ক্লাসে প্রথম হতেন। তবুও পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। আর্থিক অনটন এতটাই ছিল যে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। বাধ্য হয়ে পড়ার টেবিলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে কাজে নামেন। আট বছর বয়সে একটি ছোট দোকানে বিভিন্ন জিনিস বিক্রি করতেন। দিনে ১০-২০ রুপি উপার্জন হতো। ১১ বছর বয়সে একটি উপহারের দোকানে কাজ শুরু করেন। সেখানে দুই-চার মাস কাজ করেছিলেন।
মুনাওয়ারের কথায়, কাজ করতে তিনি ভীষণ ভালোবাসেন। প্রতিদিন কাজ করলে কোনো ক্লান্তি আসে না। ছুটি কাটানোর চেয়ে উপার্জন এবং পরিশ্রম করতেই বেশি পছন্দ করেন তিনি। অনেকে তাঁকে অতিরিক্ত পরিশ্রমী বললেও তাঁর মতে, প্রত্যেকেই নিজের জায়গা থেকে পরিশ্রম করেন।