☰
✕

নতুন বিদ্যুতের পুরো চাহিদাই ক্লিন এনার্জি দিয়ে মেটাবে চীন

১৫ নভেম্বর, ২০২৬

২০৩০ সালের মধ্যে দেশে বিদ্যুতের বাড়তি চাহিদার পুরোটাই নতুন পরিচ্ছন্ন জ্বালানির (ক্লিন এনার্জি) মাধ্যমে মেটাবে চীন।দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) এক প্রতিবেদনে এই সম্ভাবনার কথা জানানো হয়েছে।

চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন’-এর অধীন একাডেমি অব ম্যাক্রোইকোনমিক রিসার্চ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে সিসিটিভি জানিয়েছে, চলতি বছরের প্রথম নয় মাসে চীনে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ৩ ট্রিলিয়ন (৩ লাখ কোটি) কিলোওয়াট-ঘণ্টা ছাড়িয়ে গেছে।

এই পরিমাণ জ্বালানি দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের ৪০ শতাংশেরও বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনে নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরির ক্ষেত্রে বায়ু ও সৌরশক্তি ইতিমধ্যে অন্যতম প্রধান উৎস হিসেবে জায়গা করে নিয়েছে। এগুলো ধীরে ধীরে দেশটির সামগ্রিক বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস হয়ে উঠছে। আশা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে দেশটিতে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের প্রধান উৎস হবে এই বায়ু ও সৌরশক্তি।