১৫ নভেম্বর, ২০২৬
ভারতের মোস্ট ওয়ান্টেড এবং একাধিক ভয়াবহ হামলার মূল হোতা হাফিজ সাইদ ও মাসুদ আজহার চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়ে নিজেদের গোপন অবস্থান পরিবর্তন করেছেন। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে এই দুইজনকে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআইয়ের কঠোর নিরাপত্তাবেষ্টিত গোপন আস্তানায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতের পক্ষ থেকে নতুন কোনো সামরিক পদক্ষেপ বা সম্প্রতি পাকিস্তানে বেশ কয়েকজন ভারতবিরোধী সন্ত্রাসী রহস্যজনকভাবে নিহত হওয়ার ঘটনায় ‘অজানা বন্দুকধারী’র ভয়েই এই স্থান পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তাইবা (এলইটি)-র প্রধান হাফিজ সাইদকে এতদিন লাহোরের জোহর টাউনে রাখা হয়েছিল। সেখান থেকে তাকে সরাসরি রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায় স্থানান্তর করা হয়েছে। এটি পাকিস্তানের মূল সেনাবাহিনী সদর দপ্তরের অত্যন্ত কাছাকাছি অবস্থিত। অন্যদিকে, জইশ-ই-মোহাম্মদ (জেইএম)-এর প্রধান মাসুদ আজহারকে সিন্ধু প্রদেশের নওয়াবশাহ অঞ্চলের একটি সুরক্ষিত নিরাপদ ঠিকানায় লুকিয়ে রাখা হয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলোর মতে, এই তড়িঘড়ি স্থানান্তরের মূল কারণ ভারতের সামরিক অভিযানের আশঙ্কা এবং ‘অজানা বন্দুকধারী’র আতঙ্ক। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় দেখা গেছে, পাকিস্তানে আশ্রয় নেওয়া একাধিক কুখ্যাত ভারতবিরোধী সন্ত্রাসী রহস্যজনক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেই আতঙ্কেই হাফিজ সাইদ এখন লস্কর সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা থেকে বিরত রয়েছেন। তিনি বর্তমানে কেবল অডিও বার্তার মাধ্যমেই তার অনুসারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তার চারপাশে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা এবং তার চলাফেরার ওপরও জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা।
পাকিস্তানের পক্ষ থেকে বারবার দাবি করা হয়ে আসছে যে, হাফিজ সাইদ বর্তমানে লাহোরের কোট লাখপাতে টেরর-ফাইন্যান্সিং মামলায় কারাবাস করছেন। তবে গোয়েন্দা সংস্থাগুলো এই দাবিকে সম্পূর্ণ সাজানো ও লোকদেখানো নাটক বলে অভিহিত করেছে। তাদের ভাষ্যমতে, কারাগারে নয়, বরং অত্যন্ত আরামদায়ক ও সুরক্ষিত কোনো গোপন আস্তানায় দিন কাটাচ্ছেন এই সন্ত্রাসী।
এদিকে ভারতের বিরুদ্ধে একাধিক বড় হামলার মাস্টারমাইন্ড মাসুদ আজহারের সংগঠন জইশ-ই-মোহাম্মদ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। মাসুদ আজহারও বর্তমানে সাধারণ সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলছেন। তিনি কেবল অতি বিশ্বস্ত ও শীর্ষ কমান্ডারদের একটি নির্দিষ্ট মহলের সঙ্গেই যোগাযোগ বজায় রাখছেন।
উল্লেখ্য, জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাসী তালিকার শীর্ষে রয়েছে হাফিজ সাইদ ও মাসুদ আজহার উভয়েরই নাম। ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬/১১ এর ভয়াবহ হামলাসহ বেশ কয়েকটি নাশকতার ঘটনায় ভারতে মোস্ট ওয়ান্টেড হিসেবে খোঁজা হচ্ছে হাফিজ সাইদকে।
সূত্র: এনডিটিভি