১৫ নভেম্বর, ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১৪ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় (১২ মিটার গভীরতায়) অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল এবং ২,২৫০ কেজি সামুদ্রিক মাছসহ ৩৮ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আরও জানান, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।