☰
✕

নেত্রকোণায় মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের কাজ শুরু

১৫ নভেম্বর, ২০২৬

নেত্রকোণা জেলায় ‘নেত্রকোণা জেলার অন্তর্গত মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প’র কাজ শুরু হয়েছে।

শনিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের পেছনে মগড়া নদীর পাড়ে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নদী রক্ষা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোণা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এড. মো. নুরুজ্জামান, জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, সদর উপজেলার নির্বাহী অফিসার মনিজা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, নদী উদ্ধার বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ এবং অল্প কয়েকজন দখলদারের কারণে পরিবেশ ধ্বংস হতে দেওয়া হবে না। নদী উদ্ধারের কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি কাঠামোর আওতায় শিগগিরই যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল নেত্রকোণা পরিদর্শনে আসবেন। পৌরসভার নিজস্ব তহবিল থেকে কোনো অর্থ ব্যয় না করে এ উদ্যোগের মাধ্যমে ময়লা-আবর্জনা থেকে সার, জৈব সার এবং বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া খনন শেষ হওয়ার পর নদীর উভয় তীরে ওয়াকওয়ে নির্মাণ, পর্যাপ্ত বৃক্ষরোপণ এবং আলোকায়নের মাধ্যমে শহরবাসীর জন্য একটি নান্দনিক ও হাঁটার উপযোগী পরিবেশ তৈরি করা হবে।

জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে এই প্রকল্পের আওতায় নদীর ৫৬ কিলোমিটার থেকে ৯৭ কিলোমিটার পর্যন্ত মোট ৪১ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এছাড়া প্রকল্পের মূল কাজের মধ্যে রয়েছে নদী তীরবর্তী একহাজার চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ১ দশমিক ৬০ কিলোমিটার ল্যান্ডস্কেপিং। এই প্রকল্পের মাধ্যমে আবাসিক ও বাণিজ্যিক বর্জ্য এবং কচুরিপানা অপসারণ করে নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনা হবে, যার ফলে প্রায় পাঁজহাজার ৫৬০ মেট্রিক টন খাদ্যশস্য বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে বলে।