☰
✕

ব্রিটিশ কাউন্সিলের ‘স্কলার্স অ্যাওয়ার্ড’ পেলেন ৬৪ শিক্ষার্থী

১৫ নভেম্বর, ২০২৬

অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন দেশের ৩০টি ইংরেজি মাধ্যম স্কুলের ৬৪ জন শিক্ষার্থী। তাদের এ সাফল্য উদযাপনে শনিবার (১৪ নভেম্বর) ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল।

২০২৬ সালের মে-জুন সেশনে কেমব্রিজ ইন্টারন্যাশনাল ও পিয়ারসন এডএক্সেলের অধীন ও লেভেল, আইজিসিএসই ও ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় নয়টি বা তার বেশি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় পাঁচটি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়। যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ডগুলোর পক্ষে এসব পরীক্ষা পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল।

নিষ্ঠা, সৃজনশীলতা ও শেখার আগ্রহ নিয়ে এগিয়ে যাওয়া এসব শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

এ বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও লেভেল ও আইজিসিএসই/ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি।

প্রত্যেকে পেয়েছেন ২৫ হাজার টাকা করে, যা তাদের শিক্ষাজীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এ লেভেলের সাত পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী পেয়েছেন অনুষ্ঠানের ট্রাভেল পার্টনার গোযায়ানের বিশেষ উপহার ভাউচার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রহমান বলেন, স্কলার্স অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয়েছিল ২২ জন শিক্ষার্থীকে নিয়ে। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার মানসিকতা এবং আমাদের পার্টনার স্কুলগুলোর সক্ষমতার পরিচয় পাওয়া যায় এই অগ্রগতিতে।

তিনি আরও বলেন, ব্রিটিশ কাউন্সিল আপনাদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। আমাদের দায়িত্ব শুধু সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করা নয়। মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক পরিসরে সুযোগ তৈরি করবে এমন একটি কমিউনিটি গড়ে তোলাও আমাদের দায়িত্ব।

সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার বলেন, তরুণ শিক্ষার্থীদের এ সাফল্য উদযাপনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। তাদের মেধার যথাযথ স্বীকৃতি দেওয়া এবং পড়াশোনায় আরও ভালো করার অনুপ্রেরণা জোগানোই আমাদের উদ্দেশ্য। আমরা আশা করি, তারা নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখবেন।

গোযায়ান লিমিটেডের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা আবসার জেবা বলেন, এক জায়গায় এত মেধাবী শিক্ষার্থীর সাফল্যের স্বীকৃতি দেখতে পাওয়া সত্যিই আনন্দের। সব শিক্ষার্থীর উদ্দেশে আমার বার্তা, তোমাদের পরিশ্রমই তোমাদের সামনে এগিয়ে নেবে। বড় স্বপ্ন দেখো, নিজের সম্ভাবনার সীমা ছাড়িয়ে যাও। তোমাদের এই পথচলার অংশ হতে পেরে গোযায়ান আনন্দিত।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নয়টি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জন করা অসাধারণ কৃতিত্ব। এর মধ্য দিয়ে তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও জানার আগ্রহের পরিচয় পাওয়া যায়। একইসঙ্গে তোমরা নিজেদের প্রজন্মের সেরা শিক্ষার্থীদের কাতারে জায়গা করে নিয়েছ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুলের দুই শতাধিক স্কুলপ্রধান, শিক্ষক, অভিভাবক এবং ব্রিটিশ কাউন্সিলের দেশজুড়ে থাকা ২০০ পার্টনার স্কুলের প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা ভাগ করে নেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পুরস্কার প্রদান পর্ব। এ সময় ৬৪ শিক্ষার্থীর হাতে তাদের অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ ফল করা একজন শিক্ষার্থী নিজের পড়াশোনার অভিজ্ঞতা ও কীভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তা নিয়ে কথা বলার পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

পরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনি ইয়াসমিনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এতে যুক্তরাজ্যের বিভিন্ন পরীক্ষা বোর্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নকিব হায়দার; পিয়ারসন এডএক্সেলের বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন এবং রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা; আর অক্সফোর্ড একিউএর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা।