☰
✕

ঢাবি উপাচার্যের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫ নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিশেষজ্ঞ আরিয়ান জয় ওলেগারিও’র নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল। ঢাবি উপাচার্যের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।
  
প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন— এডিবি’র অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার শিলা অ্যান এম. ডেভিড-কাস্ট্রো, আরবান ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ ব্রায়ান কাপাতি এবং স্কলারশিপ ও ইউনিভার্সিটি পার্টনারশিপ বিশেষজ্ঞ শিপন কুমার দাস।

সাক্ষাৎকালে তারা ‘অ্যাসপায়ার ফর উইমেন ইনিশিয়েটিভ’-এর আওতায় এডিবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এডিবি প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগে কর্মরত নারী পেশাজীবীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপ প্রদানের আগ্রহ প্রকাশ করেন। 

এছাড়া, এডিবি’র আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক স্নাতকোত্তর প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এডিবি’র যৌথ উদ্যোগে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্য প্রকাশ করেন।

এডিবি প্রতিনিধিদল প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করা এবং ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষা ও গবেষণা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এডিবি’র সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি অতিথিদের ধন্যবাদ জানান।