১৫ নভেম্বর, ২০২৬
শিক্ষার্থী ও শিক্ষকদের ইংরেজি ভাষায় পারদর্শিতা ও আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে দক্ষ করে তোলার লক্ষ্যে আজ জেলায় দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় জেলার ১০টি উপজেলার ৭০ জন শিক্ষার্থী ও ২৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি,রাজস্ব ) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস।
সভাপতির বক্তব্যে মুন মুন জাহান লিজা বলেন, বর্তমান বিশ্বায়ন ও তথ্য-প্রযুক্তির প্রতিযোগিতামূলক যুগে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষা, গবেষণা এবং আধুনিক কর্মক্ষেত্রে সাফল্য পেতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই ইংরেজি বলা, লেখা ও বোঝার ক্ষেত্রে সমানভাবে পারদর্শী হয়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি ভীতি ও জড়তা দূর করতে জেলা প্রশাসন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আনন্দদায়ক ও আধুনিক পদ্ধতিতে ইংরেজি শেখানোর ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে অর্জিত জ্ঞান শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ছড়িয়ে দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় প্রশিক্ষক ও আলোচক হিসেবে বি.আর.ই.সি.-এর সাবেক সদস্য এবং বিটিভি’র ইংরেজি সংবাদ পাঠক সালাহ উদ্দীন এবং নেত্রকোণা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শোভন চন্দ্র সরকার দুই শিফটে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন। তারা অংশগ্রহণকারীদের ইংরেজি বলার জড়তা কাটানো, সঠিক উচ্চারণ ভঙ্গি এবং কার্যকর ও আধুনিক উপায়ে ভাষা শেখার বিভিন্ন কৌশল হাতে-কলমে শিখিয়ে দেন।
দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।