১৫ নভেম্বর, ২০২৬
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সবুজকানন শাখার উদ্যোগে উদযাপন অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে শিশু-কিশোরদের মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সাবেক পরিচালক আবরারুল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষক মুফিদুর রহমান ও হাসান মোহাম্মদ রাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক মিম মিজান।
প্রধান অতিথির বক্তব্যে আবরারুল হক বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একসময় বিশ্বে নেতৃত্ব দেবে। তাই শিশু-কিশোরদের এখন থেকেই যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং তাদের আদেশ-নির্দেশ মেনে চলতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও অগ্রযাত্রায় ফুলকুঁড়ি আসরের নিয়মিত কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিশু-কিশোরদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়ক হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৮০ জন শিশু-কিশোর ও তাদের অভিভাবক অংশ নেন। সত্য ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে চিত্রাঙ্কন, আন্তঃস্কুল বিতর্ক ও মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া, প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।