☰
✕

ইবিতে ১৫ শিক্ষার্থীর প্রবেশপত্র উধাও, পরীক্ষা স্থগিত

১৬ নভেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০২১-২২ বর্ষের ১৫ শিক্ষার্থীর প্রবেশপত্র উধাও হয়েছে। এ ঘটনায় বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের একটি কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ‘Law of Civil Procedure- II’ (কোর্স নম্বর: 0421 4201) পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে, নির্ধারিত সময়ে প্রবেশপত্র ও খাতা বিভাগে না আসায় পরীক্ষা নেওয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

আইন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নেওয়ার জন্য গত ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর পরীক্ষার ফরম সংগ্রহ করে তা পূরণ করে বিভাগে জমা দেওয়ার জন্য বলা হয়। শিক্ষার্থীরা নিয়ম অনুযায়ী ফরম পূরণ করে জমা দেন। গত ৪ থেকে ১৪ নভেম্বরের মধ্যে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই শেষে প্রশাসনের হিসাব শাখায় জমা দেয়। তবে, শহীদ আনাস হলের ৮ ও লালন শাহ হলের ৭ শিক্ষার্থীর প্রবেশপত্রের হদিস পাওয়া যায়নি। 

নথিপত্র থেকে জানা যায়, গত ৮ নভেম্বর শহীদ আনাস হল থেকে হিসাব শাখার অস্থায়ী কর্মচারী আনিচুর রহমান স্বাক্ষর করে প্রবেশপত্রগুলো বুঝে নেন। তবে, তা দাপ্তরিক রেজিস্টারে নথিভুক্ত হয়নি। 

হিসাব-শাখার উপ-রেজিস্ট্রার বাবুল হোসেন আরেক অস্থায়ী কর্মচারী রাজুর মাধ্যমে প্রবেশপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ১১৬ নম্বর কক্ষে নিয়ে যান। তবে, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দাবি, তারা ওই বর্ষের শিক্ষার্থীদের কোনো ফরম বা প্রবেশপত্র বুঝে পাননি। 

আইন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ২৮ নভেম্বর হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথাসময়ে হবে।

শহীদ আনাস হলের কর্মচারী লিটন বলেছেন, “বিভাগ থেকে প্রবেশপত্র আসার পর যাচাই শেষে ৮ নভেম্বর প্রশাসনে পাঠানো হয়। হিসাব শাখার কর্মচারী আনিচুর রহমান স্বাক্ষর করে সেগুলো গ্রহণ করেছেন। হলের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না।”

হিসাব শাখার উপ-রেজিস্ট্রার বাবুল হোসেন বলেছেন, “যে ছেলেটা প্রবেশপত্র সংগ্রহ করেছে। তার স্ট্রোক হওয়ায় সে দ্রুত বাড়িতে চলে যায়। এদিকে, হিসাব শাখার উপ-হিসাব পরিচালক সোহরাওয়ার্দী হোসেন প্রবেশপত্রের কাজগুলো দ্রুত পরীক্ষা নিয়ন্ত্রকে পাঠাতে বললে রাজুকে দিয়ে পাঠাই।” 

এ বিষয়ে হিসাব শাখার উপ-হিসাব পরিচালক সোহরাওয়ার্দী হোসেনকে মোবাইল ফোনে কল করা হলে তার সাড়া পাওয়া যায়নি।

পরীক্ষা নিয়ন্ত্রক শাখার উপ-রেজিস্ট্রার পিন্টু লাল দত্ত বলেছেন, “গতকাল শনিবার পর্যন্ত আমি ২১টি ফরম পাইনি। আজ আমার হাতে ১৫ জনের প্রবেশপত্র আসেনি। বাকিদের প্রবেশপত্র প্রস্তুত।”

পরীক্ষার আগমুহূর্তে এমন অব্যবস্থাপনায় চরম ভোগান্তি ও মানসিক চাপে পড়েছেন শিক্ষার্থীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের এমন চরম গাফিলতি ও অপেশাদার আচরণের কারণে তাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক হালিমা খাতুন বলেছেন, “শিক্ষার্থীরা সব ধরনের নিয়ম মেনেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। প্রশাসনে দায়িত্বরত ব্যক্তিরা কোথায় কী গাফিলতি করেছেন, তা আমার জানা নেই। আমি চাই, পরীক্ষাগুলো যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।”

পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান মাসুদুল হক বলেছেন, “হিসাব শাখা থেকে যথাসময়ে পত্রগুলো না পাওয়ায় আজকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগামীকালের মধ্যে বিষয়টি সমাধান করা হবে এবং যথানিয়মে পরবর্তী পরীক্ষাগুলো হবে।”

এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।