১৮ অক্টোবর, ২০২৪
সাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। এর ফলে দেশের সমুদ্রবন্দরগুলোকে দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরে এখন একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে রয়েছে, আর মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায়, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু স্থানে, এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্ধিত ৫ দিনের শেষে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।