☰
✕

জাবিতে যানবাহন ও বহিরাগত প্রবেশে নতুন বিধিনিষেধ

১৭ নভেম্বর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন বিধিনিষেধ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া স্টিকারযুক্ত বা অনুমোদিত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একইসঙ্গে, রাতের বেলা ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তি ও তাদের গাড়ি প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।

এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে প্রশাসন।