☰
✕

পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে

১৭ নভেম্বর, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। তবে এই প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে মৌলিক বা বেসিক পোশাক থেকে। বিপরীতে উচ্চমূল্যের ও উন্নত ধরনের পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি ছিল খুবই সামান্য। এতে দেশের পোশাক রপ্তানির পণ্যবৈচিত্র্যে মৌলিক পোশাকের ওপর নির্ভরতা আরও বেড়েছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৩৭৫ কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ২৯৯ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার।

এই বাড়তি রপ্তানির মধ্যে মৌলিক পোশাকের অবদান প্রায় ৭৩ কোটি ডলার, যা মোট প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশ। আলোচ্য সময়ে মৌলিক পোশাক রপ্তানি ৭ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮ কোটি ডলারে পৌঁছেছে। মোট পোশাক রপ্তানিতে এই শ্রেণির পণ্যের অংশ গত বছরের ৭৭ দশমিক ৩৫ শতাংশ থেকে বেড়ে ৭৮ দশমিক ৪১ শতাংশ হয়েছে।

মৌলিক পোশাকের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে তিনটি পণ্য। এর মধ্যে বটমওয়্যার বা ট্রাউজার ও এ ধরনের পোশাক রপ্তানি বেড়েছে ২৮ কোটি ৭০ লাখ ডলার। সোয়েটার ও কার্ডিগানের রপ্তানি বেড়েছে ১৯ কোটি ৫০ লাখ ডলার এবং টি-শার্ট ও ভেস্টের রপ্তানি বেড়েছে ১৪ কোটি ১০ লাখ ডলার। এই তিন পণ্য মিলেই আলোচ্য সময়ে মোট পোশাক রপ্তানি বৃদ্ধির প্রায় ৮২ শতাংশ এসেছে। প্রধান পণ্যশ্রেণিগুলোর মধ্যে সোয়েটারের প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি, ৮ দশমিক ৪৩ শতাংশ। ছোট আনুষঙ্গিক পণ্যের (স্মল অ্যাকসেসরিজ) রপ্তানিও ১১ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। তবে এই শ্রেণির রপ্তানির ভিত্তি ছিল মাত্র ৪ কোটি ৬০ লাখ ডলার।

অন্যদিকে শার্ট ও ব্লাউজ নিয়ে গঠিত সেমি-বেসিক বা আধা-মৌলিক পোশাকের রপ্তানি বেড়েছে মাত্র ১ দশমিক ২৩ শতাংশ। এ খাতে রপ্তানি দাঁড়িয়েছে ১১১ কোটি ডলারে। মোট পোশাক রপ্তানিতে এই শ্রেণির অংশ গত বছরের ৮ দশমিক ৪২ শতাংশ থেকে কমে ৮ দশমিক ০৫ শতাংশ হয়েছে।

উন্নত বা উচ্চমূল্যের পোশাকের ক্ষেত্রে পরিস্থিতি আরও দুর্বল। এ শ্রেণির রপ্তানি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ। রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৬ কোটি ডলারে। অর্থাৎ এই খাত থেকে মোট রপ্তানি প্রবৃদ্ধিতে বাড়তি অবদান এসেছে মাত্র ১ কোটি ২০ লাখ ডলার।

উন্নত পোশাকের কয়েকটি উপশ্রেণিতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও অন্য কয়েকটিতে রপ্তানি কমেছে। আউটারওয়্যার বা বাইরের পোশাকের রপ্তানি বেড়েছে ৩ কোটি ৮০ লাখ ডলার এবং টেকনিক্যাল ওয়্যারের রপ্তানি বেড়েছে ১ কোটি ৬০ লাখ ডলার। বিপরীতে ড্রেসের রপ্তানি কমেছে ১২ দশমিক ৮৩ শতাংশ, স্পোর্টসওয়্যার ও অ্যাকটিভওয়্যারের কমেছে ৮ দশমিক ২৪ শতাংশ এবং স্যুট ও এনসেম্বলের কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। এই তিন শ্রেণির পোশাকের রপ্তানি সম্মিলিতভাবে প্রায় ৪ কোটি ১০ লাখ ডলার কমেছে। ফলে মোট পোশাক রপ্তানিতে উন্নত পণ্যের অংশ গত বছরের ১৪ দশমিক ২৩ শতাংশ থেকে কমে ১৩ দশমিক ৫৪ শতাংশে নেমে এসেছে।

চার মাসের এই চিত্রে অর্থবছরের প্রথম প্রান্তিকের প্রবণতাও অব্যাহত রয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে ধরনের পোশাক বেশি রপ্তানি করে, সেই মৌলিক পোশাকের রপ্তানিই আরও বেড়েছে। সামগ্রিক রপ্তানি বাড়লেও পণ্যের ধরনে বৈচিত্র্য আসার বদলে মৌলিক পোশাকের ওপর নির্ভরতা বেড়েছে। একই সময়ে উচ্চমূল্যের পোশাকের রপ্তানি মোট রপ্তানিতে অংশ হারিয়েছে।