☰
✕

আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ নভেম্বর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একসময় ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে। বর্তমান সরকার আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করবে না। নিরপরাধ মানুষের প্রাণহানি এড়াতে সরকার ধৈর্য ধরছে।

এর আগে গোপালগঞ্জে থানায় আক্রমণ, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তাঁরা।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলায় কয়েক দিন ধরেই অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। সর্বশেষ একটি থানায় হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস, মানুষের বাড়িঘরে আগুন ও লুটপাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব নাশকতার প্রতিকার করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আরও কী উদ্যোগ নিয়েছে, তা জানতে চান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের চরিত্র আবারও উন্মোচিত হয়েছে। দলটির নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে আগুন লাগানোর উসকানি দিচ্ছেন। সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরা গত কয়েক দিনে এ ধরনের বার্তা দিচ্ছেন। তবে সরকার তাদের কায়দায় চলতে চায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে ১০ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুদিন ধৈর্য ধরব, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন গুলির শিকার না হন, তা নিশ্চিত করব।’

তিনি বলেন, জনগণ আর রাজপথে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনা দেখতে চায় না। তবে কেউ থানা বা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই দেশে হুমকি-ধমকি দিয়ে, আগুন লাগিয়ে একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব, বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’

তিনি আরও বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণের আহ্বান জানানো ব্যক্তিদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি সরকারের কাছে রয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। গোপালগঞ্জের সাধারণ মানুষকে সীমান্তের ওপার থেকে আসা উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি গণহত্যা চালিয়ে রাজনৈতিক বৈধতা হারিয়েছে। তারা আর বাংলাদেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের বিষয়ে বেশি আলোচনা করে সময় নষ্ট করতে চান না তিনি। যারা পালিয়ে আশ্রয় নিয়েছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আর হবে না। পরিস্থিতি উত্তরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আলোচনায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষ ও তৎপরতা মূলত রাজনৈতিক মনোযোগ আকর্ষণ এবং দলটির নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল। ডিসেম্বরের রাজনৈতিক তৎপরতা নিয়ে দেওয়া বক্তব্যের দৃষ্টি অন্যদিকে সরাতেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।

তিনি বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে সরকার দায়িত্ব নিয়েছে। বর্তমান সরকার রাতারাতি এসব সমস্যার সমাধান করতে পারবে না। ফ্যাসিস্টকে সরানো হয়েছে। কোনো ফর্মে সেই ফ্যাসিস্টের ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে সবাই ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে থাকবে।