☰
✕

যৌথ বাহিনীর মহড়ার মধ্যেই খুলনায় গুলিবিদ্ধ ঘের ব্যবসায়ী ও ভ্যানচালক

১৮ নভেম্বর, ২০২৬

সন্ত্রাস ও অপরাধ দমনে যৌথ বাহিনীর মহড়া চলার মধ্যেই খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে এক ঘের ব্যবসায়ী ও ভ্যানচালক আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর ) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- ঘের ব্যবসায়ী সোলায়মান শেখ (৫৫) ও ভ্যানচালক মো. খালেক (৬৫)। তাঁদের শরীরে গুলির ক্ষত ছাড়াও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সোলায়মান ও খালেক একটি ভ্যানে করে বাড়ির সামনে পৌঁছান। এসময় মোটরসাইকেলে আসা দুই থেকে তিনজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

এতে সোলায়মানের ডান পায়ের গোড়ালি এবং আ. খালেকের বাঁ হাতে গুলি লাগে। এ ছাড়া দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সোলায়মানের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভ্যানে করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই থেকে তিনজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। আহত দুজন সুস্থ হলে তাদের সঙ্গে কথা বলে পূর্ব শত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা করা হবে।

যৌথ বাহিনীর মহড়ার মধ্যেই এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।