২০ অক্টোবর, ২০২৪
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। এসময় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশ্রাফ উদ্দিন খানের ইমামতিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ধর্মতত্ত্ব অনুষদের ডিন ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা জানাজায় অংশ নেয়। জানাজায় উপস্থিত সকলে ইয়াহিয়া সিনওয়ারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান।
জানাজায় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের শিক্ষা আমরা ফিলিস্তিনীদের থেকে পাই। ফিলিস্তিনীরা ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে সাহস যুগিয়েছেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, যেই স্প্রিট নিয়ে ফিলিস্তিনের মুক্তিকামী জনতা এতোদিন ধরে যুদ্ধ করছে, আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং হৃদয়ের ঐক্য তাদের সাথে আছে। আমরা ফিলিস্তিনীদের সাথে আছি। শুধু তাই নয় সারা পৃথিবীর সকল নিপীড়িত মানুষে জন্য আমাদের কণ্ঠস্বর সবসময় উচ্চকিত থাকবে। এই প্রত্যয় আমাদের থাকা উচিত। এটা আমাদের ঈমানী দায়িত্ব। আমরা যতটুকু পারি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে থাকবো। আমরা তাদের জন্য আর্থিক সহযোগীতা করবো।