১৮ নভেম্বর, ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আগামী ১২ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে অনুষদের ৮৬ জন শিক্ষার্থী ডিন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থী ডিস্টিংশন এওয়ার্ড পাচ্ছেন।
ডিস্টিংশনপ্রাপ্ত ছয় শিক্ষার্থী হলেন, কাশফিয়া তারান্নুম, মো. আউলাদ হোসেন, মো. রায়হান আলী রিজভী, আফসানা হোসাইন মিম, মার্জিয়া খান চৌধুরী ও শাহ নেওয়াজ আল মুজাহিদ।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ এবং এর আগের শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পুরস্কারের জন্য বিবেচিত হতে হলে শিক্ষার্থীদের প্রতি লেভেলের দুটি সেমিস্টারেই সিজিপিএ ৩.৮ অথবা তার বেশি থাকতে হবে।পাশাপাশি কোনো বিষয়ে অকৃতকার্য হওয়া যাবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মো. জাকির হোসেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অনুষদের পাঁচটি বিভাগের বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ চারজন শিক্ষক। এছাড়া, কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সরকার।
এ বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, “এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিনস অ্যাওয়ার্ড ও ডিস্টিংশন অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। এই অর্জন তাদের পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে আন্তরিকতা ও নিষ্ঠার বহিঃপ্রকাশ। আমি বিশ্বাস করি, তাদের এই সাফল্য বর্তমান ও ভবিষ্যতের শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো ফলাফল করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।”
তিনি আরো বলেন, “সিলেবাস ভালোভাবে আয়ত্ত করার মধ্য দিয়ে তারা কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রেও বিশেষ অগ্রাধিকার লাভ করবে। বিশ্ববিদ্যালয়ের মান ও সম্মান অক্ষুণ্ণ রেখে তারা নিজেদের এবং দেশের জন্য ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু করবে, এই প্রত্যাশা রেখে সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”