☰
✕

ন্যূনতম কাগজপত্রে এনআইডি সেবা নিশ্চিতের নির্দেশ সিইসির

১৮ নভেম্বর, ২০২৬

সাধারণ মানুষের সচেতনতার স্তর বিবেচনায় নিয়ে ন্যূনতম কাগজপত্রের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জনগণের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, সাধারণ মানুষ যাতে সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেই অভিযোগ যেন আর শুনতে না হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। এনআইডিকেন্দ্রিক সব ধরনের দুর্নীতি থেকে কমিশন মুক্তি চায় উল্লেখ করে তিনি সেবা প্রদানে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান।

সিইসি বলেন, ‘এনআইডিকেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চাই। সেবা পেতে হয়রানি হচ্ছে—এই শব্দ যেন আর শুনতে না হয়। ব্লেম গেম করে সেবা দেওয়া যাবে না। মানুষ সেবা পাবে, এটা নিশ্চিত করতে হবে। মৌলিক তথ্য ও ন্যূনতম কাগজপত্র নিয়ে সেবা দিন। জনসাধারণের সচেতনতার স্তর বিবেচনায় নিয়ে কাজ করুন।’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘চ্যালেঞ্জ আছে, আমরা সমাধান চাই। এনআইডিকেন্দ্রিক হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই। মানুষ যেন দুর্নীতিতে না জড়ায়। এত আবেদন দেখতে চাই না। সব জায়গার মানুষ ডাউনলোড বোঝে না। সমাধানগুলো সহজ করুন। ন্যূনতম কাগজপত্র হলেই যেন মানুষ সেবা পায় এবং কোনো হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এ পর্যন্ত মোট ৬৫ লাখ এনআইডি সংশোধনী আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে শুধু গত দুই বছরেই নিষ্পত্তি হয়েছে ১৭ লাখের বেশি আবেদন। তবে এসব সেবা ও আবেদন নিষ্পত্তিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যার ফলে নাগরিক সেবা অনেক সময় ব্যাহত হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এসব জটিলতার পেছনে নাগরিকদের অসাবধানতা, বিভিন্ন দোকান বা তৃতীয় পক্ষের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং ক্ষেত্রবিশেষে নাগরিকদের অসততা ও প্রতারণা দুর্নীতির ক্ষেত্র তৈরি করছে। তাই এসব প্রতিবন্ধকতা দূর করে জনগণের দোরগোড়ায় সহজ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন।