☰
✕

দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয়

১৮ নভেম্বর, ২০২৬

ব্যবসা ও রাজনৈতিক অঙ্গনের দুর্নীতি এবং সুশাসনের ঘাটতির দায় শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে মেটানো যাবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, উদ্যোক্তাদের নানা সমস্যা থাকতে পারে, অর্থনীতিতেও নিম্নচাপ চলছে। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার ভর্তুকি শ্রমিকদের দিতে হবে, এমন কোনো ন্যায্যতা নেই। এ ক্ষেত্রে শেষ পর্যন্ত জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের শিল্প ও রপ্তানি খাত একটি নির্দিষ্ট শিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ একটি খাত, অর্থাৎ তৈরি পোশাকশিল্প থেকে আসে। উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে অর্থনীতির বহুমুখীকরণের প্রতিশ্রুতি দিয়েছে। তাই শুধু পোশাকশিল্পের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, সরকারও বিষয়টি উপলব্ধি করছে। বর্তমান সরকারের বাজেটে পোশাকশিল্পের পাশাপাশি অন্যান্য রপ্তানিমুখী শিল্পকে একই ধরনের সুবিধা দেওয়ার উদ্যোগ দেখা গেছে। চামড়াসহ অন্যান্য রপ্তানি খাতে বন্ডেড ওয়্যারহাউস ও ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব সুবিধা বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা মূল্যায়ন করতে হবে। দীর্ঘমেয়াদে একটি শিল্পের ওপর নির্ভরশীলতার ঝুঁকি থেকে বেরিয়ে আসতে হলে নীতিগত সুবিধা সব রপ্তানি খাতের জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে।

মজুরি নির্ধারণে বিভিন্ন অঞ্চল ও প্রতিষ্ঠানের আকার অনুযায়ী ভিন্নতা তৈরির বিষয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার সঙ্গে গাজীপুরের বাড়িভাড়ার পার্থক্য রয়েছে। সে বিবেচনায় এলাকাভিত্তিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হতে পারে। তবে অঞ্চলভেদে ভিন্ন মজুরি নির্ধারণ করলে শ্রমিকদের এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। একইভাবে বড় ও ছোট কারখানার জন্য আলাদা মজুরি নির্ধারণ করলে বাস্তবায়নে জটিলতা বাড়বে। বড় কারখানা এড়াতে উদ্যোক্তারা ছোট ছোট কারখানা গড়ে তোলার কৌশল নিতে পারেন। এতে ব্যবস্থাপনাগত সমস্যা ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসব সমস্যার সমাধান করতে গিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা গ্রহণযোগ্য নয়। উদ্যোক্তাদের ব্যবসায়িক সমস্যা কিংবা সরকারের সুশাসনের ঘাটতির দায় শ্রমিকরা কেন বহন করবেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে। যারা সুশাসনের অভাবের কথা বলছেন, তাঁদেরও রাজনৈতিক নেতৃত্বের কাছে জবাবদিহি ও দুর্নীতিমুক্ত অর্থনীতি নিশ্চিত করার দাবি জানানো উচিত।

সরকারের জবাবদিহি কোথায়

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের স্বচ্ছতার ঘাটতি রয়েছে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতি বর্তমানে নিম্নচাপের মধ্যে রয়েছে। উদ্যোক্তারাও নানা সমস্যায় আছেন। কিন্তু সরকারের আচরণ ও সংসদের কার্যক্রমে অর্থনীতির প্রকৃত পরিস্থিতি যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

তিনি বলেন, গণঅর্থায়ন ও বাজেট ব্যবস্থাপনা-সংক্রান্ত আইনে প্রতি তিন মাস পর সংসদে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের বিবৃতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বাজেট ঘোষণার পাঁচ মাস পার হলেও অর্থমন্ত্রী এ ধরনের বিবৃতি দেননি। এতে অর্থনীতির প্রকৃত অবস্থা, বিনিয়োগ, বাণিজ্য ও বাজেট বাস্তবায়ন সম্পর্কে স্বচ্ছতা তৈরি হচ্ছে না।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থমন্ত্রী নিয়মিত অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরলে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হতো। অর্থনীতির বর্তমান নিম্নচাপ পুরোপুরি দূর না হলেও তা লঘুচাপে পরিণত হতে পারত। একই সঙ্গে সরকারের ঘোষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সহজ হতো। দুর্নীতি ও দুর্বল রাজস্ব ব্যবস্থাপনার দায় বিদেশি ক্রেতাদের ওপর চাপিয়ে দেওয়ারও সুযোগ নেই। ক্রেতারা বাংলাদেশের দুর্বল অবকাঠামো, দুর্নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার ঘাটতির দায় কেন নেবেন, সে প্রশ্নও রয়েছে।

মজুরি নির্ধারণে সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি শুধু শ্রমিক ও মালিকের মধ্যকার দর-কষাকষির বিষয় নয়। শেষ পর্যন্ত জবাবদিহির দায়িত্ব সরকারের। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে এবং সেই অগ্রগতি নিয়মিতভাবে জনগণকে জানাতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। দেশের প্রায় ৮০ শতাংশ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। তাঁদের মজুরি কে নির্ধারণ করবে, তাঁদের স্বার্থ কে দেখবে এবং তাঁদের অধিকার কীভাবে নিশ্চিত হবে, তা নিয়ে সুস্পষ্ট ব্যবস্থা থাকা প্রয়োজন। কারণ, তাঁরাও দেশের নাগরিক এবং নির্বাচনে ভোট দিয়েছেন।

সংসদীয় স্থায়ী কমিটিতে শ্রমিকদের মজুরি ও শ্রম পরিস্থিতি নিয়ে যথাযথ আলোচনা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, সরকারের মধ্যে সমস্যার উপলব্ধি থাকলেও কার্যকর উদ্যোগ ও প্রয়োজনীয় তৎপরতার ঘাটতি রয়েছে। সময়মতো মজুরি নির্ধারণের উদ্যোগ না নেওয়াকে তিনি রাজনৈতিকভাবে অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেন।