☰
✕

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মুক্তা গ্রেপ্তার

১৮ নভেম্বর, ২০২৬

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃস্থানীয় সদস্য ও যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তাকে গ্রেপ্তার করেছে এসআরবি-১।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার কসাইবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তা যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এসআরবি জানায়, গুলশানে নামমাত্র একটি অফিস নিয়ে কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তা ঢাকা মহানগরীর গুলশানসহ বিভিন্ন এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের একত্রিত করছিলেন। একই সঙ্গে নভেম্বর ও ডিসেম্বর মাসে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে প্রতিদিন বৈঠক ও সমন্বয় কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে উত্তরার কসাইবাড়ি এলাকায় এসআরবি-১-এর যৌথ অভিযান চালানো হয়। ওই অভিযানে কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে এসআরবি-১ কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।