১৮ নভেম্বর, ২০২৬
বিশ্বজুড়ে গুগলের জনপ্রিয় ইমেইল পরিষেবা জিমেইল এবং অ্যাপলের একাধিক সেবায় আকস্মিক বিভ্রাট দেখা দিয়েছে। আইফোন ব্যবহারকারীরা অ্যাপল পে, আইক্লাউড, অ্যাপ স্টোর ও অ্যাপল মিউজিক ব্যবহারে সমস্যায় পড়েন। জনপ্রিয় বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে হাজার হাজার ব্যবহারকারী এ সমস্যার কথা জানিয়েছেন।
তবে প্রযুক্তিগত এই বিভ্রাটের পেছনে সাইবার হামলার কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
বিশ্বজুড়ে প্রযুক্তি অবকাঠামোয় বিপর্যয়
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে গত কিছুদিন ধরে প্রযুক্তি অবকাঠামোয় বড় ধরনের বিপর্যয় দেখা যাচ্ছে। এর আগে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা এবং মাইক্রোসফট আউটলুক ও অফিসের মতো গুরুত্বপূর্ণ সেবাও বিঘ্নিত হয়েছিল।
গত সপ্তাহে মাইক্রোসফট আউটলুক ব্যবহারকারীরা ইমেইল অ্যাকাউন্ট ও অন্যান্য অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েন। এর পরের দিনই যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ দেশজুড়ে সব ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়।
ধারাবাহিক এসব ঘটনার পর গুগল ও অ্যাপলের সেবায় বিভ্রাট দেখা দেওয়ায় ব্যবহারকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়।
অ্যাপলের বক্তব্য: অভ্যন্তরীণ আপডেটে বিভ্রাট
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের নিজস্ব সিস্টেম স্ট্যাটাস পেজেও অ্যাপ স্টোর ও অ্যাপল মিউজিকে বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে আইক্লাউডে লগইন করতে গিয়ে ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েন। আইক্লাউডে সাধারণত ছবি, বার্তা ও অন্যান্য ডিজিটাল উপকরণ সংরক্ষণ করা হয়।
দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগের কথা জানিয়ে অ্যাপলের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘আজ সকালে একটি অভ্যন্তরীণ আপডেটের কারণে কিছু বিভ্রাট ঘটলেও আমাদের অনেক সিস্টেম আবার চালু হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব বাকি সিস্টেমগুলোও সচল করার জন্য কাজ করছি।’
সাম্প্রতিক এই বিভ্রাটের সঙ্গে কোনো সাইবার হামলার যোগসূত্র নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
জিমেইল নিয়ে গুগলের বক্তব্য
অন্যদিকে, জিমেইলের পরিস্থিতি নিয়ে গুগল জানিয়েছে, পরিষেবাটিতে বড় ধরনের ব্যাপক বিঘ্নের সুনির্দিষ্ট প্রমাণ তাদের কাছে নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক গুগলের এক মুখপাত্রের বরাতে গার্ডিয়ান জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রযুক্তি দলগুলো পরিষেবার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো হালনাগাদ তথ্য জানতে গুগল ওয়ার্কস্পেস স্ট্যাটাস ড্যাশবোর্ড নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে।