☰
✕

নির্মাতা থেকে ঔপন্যাসিক ভিকি জাহেদ, আসছে প্রথম বই

১৮ নভেম্বর, ২০২৬

দেশের এ প্রজন্মের নির্মাতা হিসেবে ভিকি জাহেদের সাফল্য ও খ্যাতি বেশ। বিশেষ করে রহস্য-রোমাঞ্চ আর অপরাধের গল্পে তার বিশেষ দক্ষতা। দর্শকের কাছে তিনি ‘মিস্টার টুইস্ট’ হিসেবেও পরিচিত।

এবার নির্মাণের জগত ছাড়িয়ে আনুষ্ঠানিকভাবে সাহিত্যে প্রবেশ করছেন ভিকি। লিখছেন নিজের প্রথম উপন্যাস ‘সাইরেন’। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশ করা হয়েছে বইটির প্রচ্ছদও। বরাবরের মতো এখানেও থাকছে রহস্যের প্রেক্ষাপট।

প্রচ্ছদে দেখা গেল, এক নারীর মাথায় দুটো শিং, চোখও দেখতে অস্বাভাবিক। তবে উপন্যাসের প্রেক্ষাপট কী নিয়ে, তার আভাস এখনই দেননি ভিকি। কেবল এতটুকু জানালেন, তার নির্মিত নাটক, সিনেমায় দর্শক যে টানটান রহস্যের স্বাদ পান, এখানেও সে ধারা অব্যাহত থাকবে।

ভিকির উপন্যাসটি প্রকাশ করছে অচিনপুর প্রকাশনী। ‘সাইরেন’ দিয়েই যাত্রা করছে প্রকাশনীটি। এর নেপথ্যে আছেন রম্যলেখক সোহাইল রহমান। তিনি এক বার্তায় বলেন, “বাংলাদেশে থাকেন, থ্রিলার ভালোবাসেন, কিন্তু ভিকি জাহেদের কাজ দেখেননি, এমন হতেই পারে না। ‘পুনর্জন্ম’ সিরিজ, ‘সাইলেন্স’, ‘চিরকাল আজ’, ‘আরারাত’, ‘চক্র’সহ অসাধারণ সব থ্রিলার কাজ করেছেন তিনি। সেই ভিকি জাহেদ এবার আসছেন লেখক হিসেবে। থ্রিলার, হরর ও প্যারানরমাল বিষয়ে লিখছেন নিজের প্রথম উপন্যাস।”

তবে বইটি কবে নাগাদ বাজারে আসবে, সে তথ্য এখনো জানাননি সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, আসন্ন বইমেলায় এটি প্রকাশিত হবে।

বলা দরকার, লেখালেখির সঙ্গে ভিকি জাহেদের সখ্য বেশ পুরনো। ক্যারিয়ারের শুরু থেকে নিজের গল্প-চিত্রনাট্যেই বেশিরভাগ কাজ করেছেন তিনি। ফলে উপন্যাস লেখা তার জন্য নতুন অভিজ্ঞতা হলেও একেবারে ভিন্ন কিছু নয়। 

এদিকে ভিকি বর্তমানে ব্যস্ত রয়েছেন তার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে। এরই মধ্যে ‘খলনায়ক’ সিনেমার শুটিং সেরেছেন, যেখানে আফরান নিশো ও তমা মির্জাসহ রয়েছেন একঝাঁক তারকা। পাশাপাশি ‘পুলসিরাত’ নামে আরেকটি সিনেমারও কাজও এগিয়ে নিচ্ছেন তিনি।