☰
✕

নীলফামারীতে নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৯ নভেম্বর, ২০২৬

নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঠিকাদারেরা। বুধবার বিকালে শহরের পিটিআই মোড় এলাকায় অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

অভিযোগ অনুযায়ী, নির্মাণকাজ শেষ না করেই পুরো বিল দাবি করেছিলেন ঠিকাদার মিঠু শেখ। বিল দিতে অস্বীকৃতি জানালে বুধবার সকালে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে তার ওপর হামলা করেন তিনি। এতে হাজেরুল ইসলামের বাম চোখের নিচে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ঠিকাদার মোক্তার হোসেন, প্রবীর গুহ রিন্টু ও হাসান ইমাম লিটনসহ অন্যরা। তারা অভিযুক্ত ঠিকাদারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, মেসার্স মৌরী ট্রেডার্সের স্বত্বাধিকারী মিঠু শেখ ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণকাজে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএস এন্টারপ্রাইজের অধীনে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন। নির্মাণকাজ এখনো চলমান। কিন্তু কাজ শেষ না করেই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নির্বাহী প্রকৌশলীর কাছে পুরো বিল দাবি করেন। বিল দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয়।

নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম বলেন, মিঠু শেখ তার কার্যালয়ে এসে অসম্পূর্ণ কাজের চূড়ান্ত বিল দাবি করেন। সরকারি বিধিবিধানের কথা উল্লেখ করে কাজ শেষ করার পর বিল দেওয়ার কথা জানালে তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে বাম চোখের নিচে সজোরে ঘুসি মারেন। তার চিৎকার শুনে সহকর্মীরা ছুটে এসে তাকে রক্ষা করেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

হাজেরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।