১৯ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দায়ের হওয়া একটি মামলার তদন্তে গিয়ে সাবেরা খাতুন নামের এক নারীকে খুঁজছিলো পুলিশ। এসময় তাকে না পেয়ে তার স্বামী মো. শহীদকে (৬২) থানায় নেওয়ার চেষ্টা করে পুলিশ। এরমধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান শহীদ। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত শহীদ ও তার স্ত্রী সাবেরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেরা খাতুনের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলার তদন্তে যায় সীতাকুণ্ড থানার এসআই মো. সাব্বিরের নেতৃত্বে পুলিশের একটি দল। সেখানে সাবেরাকে না পেয়ে পুলিশ তার স্বামী শহীদকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিনা ওয়ারেন্টে তাকে কেন নেওয়া হচ্ছে, তা নিয়ে পুলিশের সাথে বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শহীদ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বক্তব্য জানতে অভিযানে যাওয়া পুলিশ কর্মকর্তা সাব্বিরের মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি। তবে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলামের দাবি, পুলিশের একটি দল মামলার তদন্তে সেখানে গিয়েছিলো। তদন্ত কর্মকর্তা অভিযুক্তকে না পেয়ে তার স্বামীর কাছে স্ত্রীর অবস্থান জানতে চান। পরে এবিষয়ে কথা বলতে পুলিশের সাথে যেতে বলা হয়। কিন্তু এরমধ্যেই শহীদ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের বরাতে ওসি বলেন, ‘পরিবারের সদস্যরা বলেছেন উনি (শহীদ) এর আগেও নাকি একাধিকবার স্ট্রোক করেছেন। এরপরও তারা অভিযোগ করলে বিষয়টি গুরত্বের সাথে তদন্ত করা হবে।’