☰
✕

বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

১৯ নভেম্বর, ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদের ইউএনএফপিএর সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক সাব-কমিটির সভায় সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোছা. তাহসিনা রুশদীর এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় ।

বৈঠকে সভাপতি বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। এ জন্য ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোর কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায় থেকে সমন্বয় ও পর্যবেক্ষণের কথা বলেন।

পাশাপাশি বিয়ে নিবন্ধনের সময় অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করা, পাঠ্যবইয়ে এ বিষয়ে একটি অধ্যায় যুক্ত করা এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, আন্না মিনজ, নিলোফার চৌধুরী মনি, মো. রফিকুল ইসলাম খান এবং কাজী রফিকুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যদের সাথে  সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠিত হয়।

বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন বাচ্চা নেওয়া থেকে বিরত রাখা, কিশোরীদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়  ও নারীর সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় নারীর প্রতি পুরুষদের সহনশীল মনোভাব জোরদার ও এ বিষয়ে সেমিনার আয়োজন, আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন, কোর্ট ম্যারেজ বন্ধ ও আইনের দ্বারা রেজিস্ট্রি ছাড়া বিবাহ বন্ধ  করার, সর্বোচ্চ ও সর্বনিম্ন বাল্যবিবাহ যেসব জেলায় হয় তার কারণ অনুসন্ধান করার  বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে লীগ্যাল  এইড অনেক সক্রিয়। নির্যাতনের শিকার নারীরা লীগ্যাল এইডের সহযোগিতার মাধ্যমে দ্রুত বিচার পেতে পারে।

এ ছাড়া পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ সংশোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান বলেও জানানো হয়েছে।

বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএ এর সংশ্লিষ্ট প্রতিনিধি  এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।