☰
✕

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

১৯ নভেম্বর, ২০২৬

নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে।

তিনি বলেন, প্রকল্পের কাজে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে।

বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা জরুরি। এ ক্ষেত্রে কাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও তৎপর হতে হবে।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, নির্ধারিত সময়সীমা এবং কাজের গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তর ও সংস্থার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।