☰
✕

চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া

১৯ নভেম্বর, ২০২৬

 

চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোডের আওতায় সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবারের এ মহড়ার লক্ষ্য ছিল বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি যাচাই এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত সক্ষমতা বৃদ্ধি।

বন্দর সূত্র জানায়, মহড়ায় কয়েকটি জরুরি পরিস্থিতি মোকাবিলার অনুশীলন করা হয়। এর মধ্যে ছিল অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও বন্দর এলাকায় অগ্নিকাণ্ড মোকাবিলা; পাশাপাশি আহত ব্যক্তিদের উদ্ধারের মহড়াও চালানো হয়।

এছাড়া সংঘবদ্ধ ব্যক্তিদের জোর করে বন্দরের গেট দিয়ে প্রবেশের চেষ্টা প্রতিহত এবং সন্দেহজনক পরিত্যক্ত বস্তু শনাক্ত ও সিমুলেটেড বোমা নিষ্ক্রিয় করার অনুশীলনও করা হয়। অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টাও নস্যাৎ করার অনুশীলন করা হয়। মহড়াটি সফলভাবে শেষ হয়েছে।

এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ ও নিরাপত্তা কর্মীদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নি নির্বাপণ দল, সোয়াডস দল, কোস্টগার্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো অংশগ্রহণ করে। 

মহড়ার মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কুইক রেসপন্স টিমের কার্যকারিতা, অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম ও যৌথ অভিযানের সক্ষমতা যাচাই করা হয়।